বরিশালে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২১:৫৫
বরিশালে ধর্ষণ মামলায় মনির হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে মনির হোসেনের বিরুদ্ধে অপহরণের একটি মামলায় ১৪ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 
 
মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মনির হোসেন পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বাবুগঞ্জের মহিষাদী এলাকার নাজেম আলী ফকিরের ছেলে। 
 
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৪ই জুন বিকালে বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা জাফর আলী চৌকিদারের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী শাহনাজ পারভীন নানা বাড়ি থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাহনাজকে অপহরণ করে বরিশালের একটি বাসায় নিয়ে আসে মনির হোসেন। এরপর থাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরেরদিন সকাল ৯টায় বরিশাল থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মনির শাহনাজকে নথুল্লাবাদ নিয়ে আসলে শাহনাজের বাবা জাফর আলী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং মনির হোসেন পালিয়ে যায়। শাহনাজকে হাসপাতালে ভর্তি করার পর ১০ জুন আদালতে ধর্ষণ ও অপরহরণের পৃথক ধারায় মামলা দায়ের করা হয়। এরপর ওই বছরের ১৩ আগস্ট বাবুগঞ্জ থানার এসআই আ. মজিদ হাওলাদার আদালতে চার্জশীট দাখিল করেন। সর্বশেষ আদালত সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করেন।
 
ইত্তেফাক/এমআই