আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের মন্ত্রীরা তাদের নিজস্ব নির্বাচনী এলাকায় গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না, তবে নির্বাচনী এলাকার বাইরে তারা তা পারবেন। নির্বাচনকালে মন্ত্রীদের নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে। এবারের নির্বাচনকালীন মন্ত্রিসভা কেমন হবে সে বিষয়ে ২৬ অক্টোবর আওয়ামী লীগের যৌথ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট নিয়ে কোনো উদ্বেগ বা শঙ্কা নেই। প্রধানমন্ত্রী তো স্বাগত জানিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা— এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে সংশোধনের সুযোগ নেই, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়টি লক্ষ্য রাখব। সাংবাদিকদের জন্য এ আইন করা হয়নি। যদি আপনি কোনো অপরাধ না করেন, তা হলে ভয় কিসের?
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ২৮ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতির যে ঘোষণা দিয়েছে সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দুদিন পরেই সংসদ অধিবেশনের সমাপ্তি, এটা শেষ অধিবেশন। কাজেই এ সময়ে এটা আর সংশোধনের কোনো সুযোগ নেই। তারা যে দাবি-দাওয়া করছেন, সেগুলো তাদের সাথে আলোচনা করেই কিন্তু এ আইনটা হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি কর্মসূচি প্রত্যাহার করুন।
ইত্তেফাক/নূহু
