সরকারের মন্ত্রীরা যা বলেন সঙ্গে সঙ্গে তার উল্টো ঘটে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কদিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘটা করে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না; কিন্তু তার পরদিনই হু হু করে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। গতকাল বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে তারা কখনোই জনস্বার্থ দেখে না, জনকল্যাণ করতে পারে না। সারা ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ঙ্কর রকম সংকটাপন্ন হয়ে পড়েছে। ওয়াসা কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার। আমরা সরকারি প্রতিষ্ঠান ওয়াসার মানববিধ্বংসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
