চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনামূল্যে মাছ নিতে এসে জনতার রোষানলে পড়েছেন তিন পুলিশ সদস্য। এ ঘটনায় ওই তিন পুলিশকে বুধবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল আল মামুন, আলাল ও শামীম।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় পদ্মা নদীতে জেলেদের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক ইলিশ মাছ নেওয়ার চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা। এ সময় উত্তেজিত জনতা তাদের লাঞ্ছিত করে। এরপর কয়েকজনের সহায়তায় তাদের একটি বাড়িতে আটকে রাখে এলাকাবাসী।
পাকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে জনতার হাতে আটক থাকা তিন পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, একটি নৌকাতে করে তারা নদীতে গিয়ে জেলেদের কাছ থেকে বড় সাইজের ইলিশ নিলেও কোন দাম পরিশোধ করেনি বলে অভিযোগ করেন জেলেরা।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম জানান, কোন পুলিশ সদস্য বা কর্মকর্তার ব্যক্তিগত ও অনৈতিক আচরণের দায় পুলিশ বিভাগ নেবে না। তাই তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত তিন পুলিশ কনস্টেবলের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।
ইত্তেফাক/জেডএইচ
