হবিগঞ্জে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:৫১
হবিগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগ বিএনপি ও শ্রমিকদলের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সদর থানার উপ-পরিদর্শক লোকমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা গেছে, সোমবার জেলা শ্রমিকদলসহ বিএনপি নেতাকর্মীরা শায়েস্তানগরস্থ দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের নিষেধ করলে পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এ মান্নান, জেলা শ্রমিকদল নেতা আব্দুল হক, শেখ রহমত আলী, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, যুবদল নেতা আরব আলী, দুলাল মিয়া, সোয়েব চৌধুরী, শামীম মিয়া, আওয়াল মিয়া, জাহির মিয়া, এমরান মিয়া ও লিংকন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।
 
 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ বলেন, জেলা শ্রমিকদলের শান্তিপূর্ণ মানববন্ধনের মত কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে যে মামলাটি দায়ের করেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একের পর এক পুলিশের মিথ্যা ও গায়েবী মামলায় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। পুলিশের ওপর জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে।
 
মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম।
 
ইত্তেফাক/বিএএফ