দক্ষ, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রেখে গতকাল বুধবার সংসদে সরকারি চাকরি বিল-২০১৮ পাস করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে প্রজাতন্ত্রের কর্ম এবং কর্ম বিভাগ সৃজন ও পুনর্গঠন, সরকারি কর্মচারীদের ওপর নিয়ন্ত্রণ ও এখতিয়ার, নিয়োগ, পদোন্নতি, শিক্ষানবিস কাল ও চাকরি স্থায়ীকরণ, প্রেষণ ও লিয়েন, বৈদেশিক বা বেসরকারি চাকরি গ্রহণ, জ্যেষ্ঠতা, উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্মীকরণ, বেতন-ভাতা সুবিধাদি, ছুটি, প্রশিক্ষণ, কর্ম জীবন পরিকল্পনা, কর্ম উন্নয়ন, চাকরি বই, চাকরি বৃত্তান্ত, কল্যাণ ও সহায়তা, সরকারি সেবা প্রদান নিশ্চিতকরণ, প্রণোদনা, পুরস্কার, স্বীকৃতিসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। বিলে বিধান লঙ্ঘনজনিত অপরাধে দণ্ডের বিধান করা হয়েছে।
সংসদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল, ২০১৮ উত্থাপন
কারিগরি শিক্ষা আইন ১৯৬৭ রহিত করে যুগোপযোগী করে নতুনভাবে আইন প্রণয়নের বিধানের প্রস্তাব করে গতকাল সংসদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন। বিলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।
সংসদে বাংলাদেশ লোক-প্রশাসন বিল, ২০১৮ উত্থাপন
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অধ্যাদেশ, ১৯৮৪ রহিত করে নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গতকাল সংসদে বাংলাদেশ লোক-প্রশাসন বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি উত্থাপন করেন। বিলে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অধ্যাদেশ ১৯৮৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বহাল রাখার প্রস্তাব করা হয়।
সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল, ২০১৮ এর ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট গতকাল সংসদে উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি টিপু মুনশি রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় বিধান এবং এ সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের বিধানের প্রস্তাব করে গত ২২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বিলটি উত্থাপন করেন।
শিশু একাডেমি বিল পাস
শিশুদের সাংস্কৃতিক বৈজ্ঞানিক বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যাবলীসহ এ সম্পর্কিত বিষয়াদির উন্নতি বিধান করে গতকাল বুধবার সংসদে বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বিদ্যমান বাংলাদেশ শিশু একাডেমি অধ্যাদেশ, ১৯৭৬ এর অধীন বাংলাদেশ শিশু একাডেমিকে বহাল রাখার বিধান করা হয়েছে। একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে দেশের যে কোনো স্থানে শাখা স্থাপন ও বিলুপ্ত করার বিধান করা হয়েছে। বিলে একাডেমি পরিচালনার জন্য একজন চেয়ারম্যানকে ১৮ সদস্যের ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিধান করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
