জীবননগরে স্ত্রীকে হত্যা করে স্বামীর পলায়ন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:৩৪
জীবননগর উপজেলা শহরের পোস্টঅফিস পাড়ায় দিনে-দুপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে তার স্বামী। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। মাত্র ৭ মাস পূর্বে এ দম্পতির বিয়ে হয়েছিলো। পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে।
 
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, উপজেলার পাথিলা গ্রামের রেজাউল করিমের ছেলে সুজন মিয়া (২৮) পেশায় ট্রাক ড্রাইভার। সম্প্রতি সে একই উপজেলার পাঁকা গ্রামের বদর উদ্দিনের মেয়ে রুনা খাতুনকে (২৫) বিয়ে করে। রুনার এটি দ্বিতীয় বিয়ে। প্রথমের পক্ষের তার একটি সন্তান রয়েছে। বিয়ের পর তারা জীবননগর শহরের পোস্টঅফিস পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। 
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিয়ের কাবিনে করা দেনমহর ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করার জন্য রুনা স্বামীকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। ঐ বাসার অন্যা ভাড়াটিয়ারা তাদেরকে নিবৃত করে ঘরে পাঠায়। দুপুর ১টার দিকে রুনাকে তার ঘর মৃত অবস্থায় পাওয়া যায়। 
 
জীবননগর থানার প্রধান কর্মকর্তা শেখ গনি মিয়া জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 
ইত্তেফাক/নূহু