চিতলমারীতে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:৫২
বাগেরহাটের চিতলমারীতে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দুই কিশোরকে গুরুতর আহত অবস্থায় চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
 
উপজেলার চরডাকাতিয়া গ্রামের আসাদ শেখ জানান, বৃহস্পতিবার দুপুরে তার ছেলে নুরআমিন (১৩) তার এক বন্ধু সুরজিতকে নিয়ে তার প্রবাসী ভাইয়ের সুপারী বাগানে গেলে সাগর, সৈকত ও ইথর মুন্সি নামে ৩ যুবক তাদের আটকে গাছের সঙ্গে বেধে নির্মম নির্যাতন চালায়। এ সময় ওই দুই কিশোরের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
 
এ ব্যাপারে  ইথর মুন্সি ও তার সহযোগীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
 
চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, আহত দুই কিশোরকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার খবর পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু