লালমনিরহাটের আদিতমারীতে বন্দুকযুদ্ধে রেজ্জাকুল হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আলমগীরের বিরুদ্ধে আদিতমারী থানায় ৮টি মাদকের মামলা রয়েছে। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রীরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকার রেজ্জাকুল হত্যা মামলার প্রধান আসামি ও মাদক সম্রাট আলমগীর হোসেনকে বুধবার গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজের কাছে তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে আলমগীরের দুই পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন : মধুমতি মডেল টাউন আবাসিক প্রকল্প অবৈধই থাকল
এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল নাজিরুল ইসলাম আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি

