নওগাঁয় বাক প্রতিবন্ধী চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণকারী পঙ্কজকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলার প্রাথমিক শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৪টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্থানীয় পৌর কমিশনার একেএম নজমুল হক মন্টু, দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভিন, সহকারি শিক্ষক মাসুদ রানা, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন খান, মাসুদ কামিজ ও কিশোরীর বাবাসহ অন্যরা।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর ৭ দিন পার হলেও আসামি পঙ্কজ কুমারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই প্রভাবশালীদের যোগসাজশে পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না। দ্রুত ধর্ষণকারী পঙ্কজকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নওগাঁ সদরের মধ্য দূর্গাপুর গ্রামের গত বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী পঙ্কজ কুমার। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
