রাজশাহী অঞ্চলের জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধসহ বড় ধরণের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিম সোয়াটের আদলে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে ২৪ জনের এ বিশেষ টিমে রয়েছেন দুইজন সহকারী পুলিশ কমিশনার, দুইজন পরিদর্শক, পাঁচজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১৩ জন চৌকষ কনস্টেবল। জর্ডান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টার ও জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের এটিএ’র তত্ত্বাবধানে সফলভাবে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা। গত ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ হয় রাজশাহী পুলিশ লাইন মাঠে।
এখন থেকে যে কোনো জরুরী পরিস্থিতিতে এ টিম অপারেশন চালাতে সক্ষম বলে জানিয়েছেন আরএমপির কমিশনার একেএম হাফিজ আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিশেষ টিমের সদস্যদের সনদপত্র বিতরণ করেন তিনি।
এ সময় এন্টি টেরিরিজম অ্যাসিটেন্ট প্রোগ্রামের প্রধান প্রশিক্ষক বেন কিরিংস্কি ও সহকারী প্রশিক্ষক ড্রিউ কোশেনি, আরএমপির উপ-পুলিশ কমিশনার আমির জাফর, আরএমপি মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
