সরকার নারী ও শিশুদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে: মেহের আফরোজ চুমকি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:৫৫
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুরা আমাদের দেশের সম্পদ এবং দেশের ভবিষ্যৎ নেতা। তারা তাদের প্রতিভা দিয়ে সোনার বাংলা গড়ে তুলবে। আমাদের প্রত্যেককে  শিশুদের ভবিষ্যত গড়ায় যত্নবান হতে হবে। তিনি বৃহস্পতিবার নরসিংদীতে নবনির্মিত বাংলাদেশ শিশু একাডেমী কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি বাল্যবিবাহ এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার নারী ও শিশু উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় এলে  শিশুদের উন্নয়নে আরও বেশি কাজ করবে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের বাংলাদেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের প্রতিটি সেক্টরে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ‘মাদার অব হিউমিনিটি’ উপাধিতে ভূষিত হয়ে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়।
 
পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব:)  মো: নজরুল ইসলাম হিরো (বীরপ্রতীক) এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নরসিংদী জেলা প্রশাসক সভাপতিত্বে সৈয়দা ফারহানা কাউনাইন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, এনডিসি নাসিমা বেগম, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, বাংলাদেশ শিশূ একাডেমীর পরিচালক আঞ্জিল লিটন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর শিশু আবরার তাহসিন।
 
উদ্বোধনী অধিবেশনের পর বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশুদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 
ইত্তেফাক/নূহু