সাভারে জমি দখল, হত্যার হুমকি, ভাংচুর, চাঁদাবাজির পর এবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে মাছ চুরির অভিযোগ। এ অভিযোগে আশুলিয়া থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট পাঁচটি মামলা দায়ের হলো।
বুধবার দিবাগত গভীর রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা কাজী মহিবুর রব।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ১৯.৬৩ শতাংশ জমির ক্রয়সূত্রে নিজেকে মালিক দাবি করেন কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘদিন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ অবৈধভাবে সেই জমি দখলে নেওয়ার জন্য তাকে প্রাণনাশের হুমকিসহ জমিতে অনধিকার প্রবেশ ও চাঁদা দাবির পাশাপাশি লোকজন দিয়ে পুকুরে থাকা মাছ চুরি করিয়েছেন বলেও অভিযোগ করেন।
প্রসঙ্গত, এর আগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, মারপিট, লুট, চুরিসহ নানা অভিযোগে গত ১৫ অক্টোবর মোহাম্মদ আলী, ১৯ অক্টোবর হাসান ঈমাম, ২১ অক্টোবর সেলিম আহমেদ ও ২৩ অক্টোবর নাসির উদ্দিন নামে এক ব্যক্তি পৃথক ৪টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে দুটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করলে আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
ইত্তেফাক/নূহু
