গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে মদপান করিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৩:০৫
গোপালগঞ্জে মদপান করিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 
ওই স্কুল ছাত্রী মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। 
 
ওই ছাত্রী অভিযোগ করে জানায়, প্রতিবেশী পরাণ মল্লিকের ছেলে কলিগ্রাম বঙ্গরত্ন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র সোহাগ মল্লিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি এ সম্পর্কে ফাঁটল ধরে। এ নিয়ে সোহাগ তাকে দেখে নেয়ার হুমকি দেয়। মঙ্গলবার ২৩ অক্টোবর রাত ৮টার দিকে সে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। সোহাগ সেখান থেকে মুখ চেপে ধরে তাকে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে নিয়ে জোর করে পদপান করায়। মদপান করিয়ে তাকে অজ্ঞান করে ধর্ষণ শেষে সেখানে ফেলে রেখে যায়। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সেখান থেকে বাড়ি এসে সবাইকে এ ঘটনা বলে দেয়। বুধবার তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে ভর্তি করা হয়।  ধর্ষণে তার রক্ত ক্ষরণ হয়েছে বলে জানিয়েছে।
 
ওই শিক্ষার্থী আরো জানায়, প্রেমর সম্পর্কের টানাপড়েন নিয়ে সোহাগ এভাবে প্রতিশোধ নিয়েছে। এ ঘটনার পর থেকে সোহাগ পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। 
 
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেরারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা ইসলাম বলেন, ওই ছাত্রীর মেডিকেল করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 
 
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন , এ ব্যাপারে এখোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
ইত্তেফাক/এমআই