জীবননগরে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:৫৯
জীবননগরে দিন-দুপুরে স্ত্রী রুনা খাতুনকে (২৫) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে স্বামী ট্রাক চালক সুজন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এ হত্যাকাণ্ডের পর পুলিশ এদিন বিকেলেই তাকে গ্রেপ্তার করে। স্ত্রীকে হত্যা করার পর সে ভারতে পালানোর চেষ্টা করছিলো।
 
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলেই জীবননগর থানা পুলিশের একটি টিম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গুড়দহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
 
থানা সূত্রে জানা যায়, উপজেলার পাথিলা গ্রামের রেজাউল করিমের ছেলে সুজন মিয়া (২৮)  সম্প্রতি একই উপজেলার পাকা গ্রামের বদর উদ্দিনের মেয়ে রুনা খাতুনকে (২৫) বিয়ে করে। বিয়ের পর তারা শহরের পোস্টঅফিস পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পারিবারিক কলহের জের ধরে ২৫ অক্টোবর দুপুরে স্বামী সুজন বালিশ চাপা দিয়ে স্ত্রী রুনাকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সে ভারতে পালানোর চেষ্টা করছিলো।
 
খবর পেয়ে পুলিশ তাকে সীমান্তের গুড়দহ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। ওসি (তন্ত) এম এম সেলিম জানান, সুজনকে শুক্রবার আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু