ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ৫ কেজি সোনার বার জব্দ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৮:৩৭
ভারতে পাচারকালে বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে ৫ কেজি সোনার বারসহ সজিব হোসেন (২২) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সজিব হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।
শুক্রবার সকাল ৯টায় মোটরসাইকেলযোগে সোনাগুলো বিশেষ কায়দায় দেহের সঙ্গে বহন করে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা মোটরসাইকেল ও সোনাসহ তাকে আটক করে।
 
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, বেনাপোল’র বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৪০টি সোনার বার জব্দ করা হয়। এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 
 
আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়। সোনাসহ আটক সজিব হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু