বরিশালে গোপন বৈঠক থেকে জামায়াতের আমীরসহ আটক ৬

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ২০:৪৪
নগরীতে নাশকতা পরিকল্পনার গোপন বৈঠকের সময় জামায়াতের জেলা আমীরসহ ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে নগরীর নবগ্রাম রোড এলাকার সিকদার প্যালেসের বরিশাল মডেল মহিলা মাদরাসা থেকে তাদেরকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। 
 
আটককৃতরা হলেন, ভোলা জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুল করিম (৬৩), ঝালকাঠী পৌর জামায়াতের আমীর আব্দুল হাই (৫৫), গৌরনদী পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা কামরুল ইসলাম খান (৬৩), সাতক্ষীরার শ্যামনগরের মোঃ খলিলুর রহমান তরফদার (৪৬), বরিশাল মডেল মহিলা মাদরাসার শিক্ষক ঝালকাঠি জেলার ২নং বিনয়কাঠী ইউনিয়নের মাহবুব আলম (৩৮) ও মাধবপাশা এলাকার শিক্ষক কেরামত আলী (৬৫)। 
 
কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, নবগ্রাম রোড এলাকার সিকদার প্যালেসের বরিশাল মডেল মহিলা মাদরাসায় গোপন বৈঠকে বসেন বিভিন্ন জেলা ও পৌরসভার জামায়াত নেতারা। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনায় এই বৈঠক চলছিল। 
 
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৈঠকে উপস্থিত ৬ জনকে আটক করা হয়। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বৈঠকের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/নূহু