আলমডাঙ্গার হারদীর কূঁয়াতলা সড়কের পাশে গুলিবিদ্ধ এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে পথচারীরা লাশ দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি মেহেরপুরের দরবেশপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মুক্তার হোসেন।
পুলিশ জানিয়েছে, নিহত মুক্তার হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে মেহেরপুর, গাংনী, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় মোট ৬টি মামলা রয়েছে। সে হত্যা, বোমাবাজি, ডাকাতি ও ছিনতাই মামলায় আত্মগোপনে থাকা সন্ত্রাসী।
থানার প্রধান কর্মকর্তা আবু জিহাদ খান জানান, ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসী মুক্তারের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয় তারই দলের সন্ত্রাসীদের। ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে তার প্রতিপক্ষরা মুক্তার হোসেনকে কৌশলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। তিনি জানান, পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনেরা মামলার প্রস্ততি নিচ্ছে।
ইত্তেফাক/নূহু
