আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাই ঐক্য ফ্রন্টকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা দলবদ্ধভাবে কাজ করে যাব। ফজলে করিমের নেতৃত্বে রাউজান আজ শান্তির সাজানো বাগান। বেবী চৌধুরী আত্মা তখনই শান্তি পাবে, যখন আমরা ফজলে করিমকে নৌকা প্রতীকে পুনরায় নির্বাচিত করবো।
শনিবার রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রথম পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর (বেবী) ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'ফজলে করিমের নেতৃত্বে রাউজানে যে উন্নয়ন হয়েছে আমার এলাকায়ও তেমন উন্নয়ন হয় নি। একসময় আমরা রাউজানের অনেক ইউনিয়নে যেতে পারিনি। আজ রাউজানের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ স্থায়ী কার্যালয় হয়েছে।'
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. সালাম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, মরহুমের পুত্র সাইফুল ইসলাম রানা, যুবলীগ নেতা আহছান হাবীব হাছান প্রমুখ।
ইত্তেফাক/নূহু
