সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ১৯৭১ সালে যারা দেশে গণহত্যা চালিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, ১৯৭৫ সালে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে, যারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যারা গাছপালা এমন কি কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়েছে এবং সবশেষে যারা হলি আর্টিজেন-এ নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অভ্যন্তরীণ শেকড় একই। তারা সবাই দানব ছিল।
শনিবার দুপুরে নওগাঁয় একুশের চেতনায় লালিত ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথাগুলো বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, আমরা দানবের সমাজ নয় মানবের সমাজ বিনির্মাণ করতে চাই। এক্ষেত্রে সংস্কৃতি চর্চা বা সংস্কৃতি বিকাশের কোন বিকল্প নাই। আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি বান্ধব। তারই অনুপ্রেরণায় বাংলাদেশে সংস্কৃতি চর্চা ও বিকাশের নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, একটি ফুলের বাগানে যদি নানান ধরনের ফুলের গাছ না থাকে তাহলে ওই বাগান যেমন সুন্দর হয় না তেমনি একটি দেশে যদি নানান ধর্মের, বর্ণের, নানান পেশার, নানান গোত্রের মানুষ না থাকে তাহলে ওই দেশ সুন্দর হয় না। আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনার দেশ। এখানে সব ধরনের মানুষ আবহমানকাল থেকে এক সঙ্গে বসবাস করে আসছে।
পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য করেন- জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন।
ইত্তেফাক/জেডএইচ
