পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত না রাখলে দেশ আবার পিছিয়ে যাবে। তাই সকলকে সচেতন হয়ে সকল অপশক্তি মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, জয় আমাদেরই হবে, কেননা জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণের শক্তি নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। জনগণের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। যে উন্নয়নের ছোঁয়া আজকে সকলের জীবনে লেগেছে, নিশ্চয় তারা সেটা ধরে রাখবে জনগণ এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও সরকার গঠনের সুযোগ দেবে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারব। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আর কেউ ভালোভাবে তা করতে পারবে না। কারণ আমরাই স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
শনিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হেলিপ্যাড মাঠে নাঙ্গলকোট উপজেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ ও উন্নয়নমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান পুলিশের বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক এবং জঙ্গিবাদ দমন করা। জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানুষকে মেরে ইসলাম কায়েম কোনো ধর্ম নয়। এই সমস্যা সমাধানের জন্য এলাকার জনগণ এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা মিলে কাজ করছেন। সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে কমিউনিটি পুলিশিংয়ের সৃষ্টি। পুলিশের নিজস্ব কোনো শক্তি নেই, পুলিশের শক্তি হচ্ছে আইনের শক্তি। জনগণের কল্যাণের জন্য এসব ব্যবহার করা হয়। পুলিশ ও জনতা একত্রিত হয়ে যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে পারবে।
এ সময় তিনি আরো বলেন, এলাকাবাসীর সহযোগিতায় কমিউনিটি পুলিশের মাধ্যমে পাড়া-মহল্লায় নিরাপত্তার জন্য নজরদারি রাখা হচ্ছে। কমিউনিটি পুলিশে নারী সদস্যরাও কাজ করছেন নিষ্ঠার সঙ্গে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকেই।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, জনগণ এগিয়ে এলে সমাজের যে কোনো অপকর্ম দূর করা সম্ভব। কমিউনিটি পুলিশিংকে মূল্যায়ন করতে হবে। কারণ এখানে যারা কাজ করেন, তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় গিয়ে ছাত্রছাত্রীদের মাদকসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সচেতন করতে হবে।
জঙ্গীবাদ, মাদক ও নারী নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌরসভা মেয়র আব্দুল মালেক প্রমুখ।
সমাবেশ উপলক্ষে উন্নয়নমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপি এবং অন্য শিল্পীরা গানে গানে সকলকে মাতিয়ে তোলেন।
ইত্তেফাক/নূহু
