সিলেটে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কোষাধ্যক্ষ মানিক মিয়া জানান, ৮ দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা। কর্মবিরতির ফলে সিলেটের সকল রুটেই বাস চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহন আইন-২০১৮ এর কয়েকটি ধারাকে শ্রমিকদের ‘স্বার্থবিরোধী’ উল্লেখ করে আন্দোলন করছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। তাদের দাবি, শ্রমিকদের ‘স্বার্থবিরোধী’ ধারাগুলো বাতিল করতে হবে।
গত শনিবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ করে ২৭ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি মানতে সরকারের প্রতি আল্টিমেটাম দেয় পরিবহন শ্রমিক ফেডারেশন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। স্মারকলিপিও দিয়েছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।’
এদিকে বিগত দিনে পরিবহন শ্রমিকরা যেসব ধর্মঘট পালন করেছেন কিংবা কর্মবিরতি পালন করেছেন, তারা তাদের বাস চলাচল বন্ধ রাখার পাশাপাশি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
সাধারণ মানুষরা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট ও কর্মবিরতি পালন, এতে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
ইত্তেফাক/জেডএইচ
