স্বাধীন দেশে মেয়েরা এমন অসহায় হবে ভাবা যায়না: কাদের সিদ্দিকী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২১:৪২
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতার পর থেকে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। যে যাই বলুক রাজনৈতিক কারণে এই মহান প্রতিষ্ঠানে হামলা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লাঞ্ছিত করা মোটেও ঠিক নয়। এখানে মেয়েদের যে আকুতি শুনলাম, স্বাধীন দেশে মেয়েরা এমন অসহায় হবে এটা ভাবা যায়না।’
 
শনিবার দুপুরে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের ভাঙচুর, লুটপাট, মারধরসহ নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনায় এবং আহত শিক্ষার্থী লিমনকে দেখতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
কাদের সিদ্দিকী বলেন, ‘এখানে যদি কোন বিরোধ থেকে থাকে সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতো। বহিরাগত সন্ত্রাসীরা গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়ে মেয়েদের সম্মানহানি করবে কোন ভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী নারীদের এত সম্মান দিলেও ছাত্রীদের উপর এ ন্যক্কারজনক হামলার পর এখনও কেন ব্যবস্থা নেওয়া হয়নি?’
 
তিনি আরো বলেন, ‘পিএইচএ এলাকায় সন্ত্রাসীদের গাছ কেটে নেয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক প্রতিহিংসায় কোন প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করা ও গাছ কেটে পরিবেশ ধ্বংস করা কারো কাম্য হতে পারে না।’
 
এর আগে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সন্ত্রাসীদের হামলায় আহত লিমন হোসেনের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ সময় তার সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন ও গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণবিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/বিএএফ