ছত্তিশগড়ে মাওবাদী হামলায় চার সৈন্য নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ০২:১৩
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় চার সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রাজ্যের বিজাপুরে গতকাল শনিবার সিআরপিএফ সদস্যদের বহরে হামলা চালায় মাওবাদীরা। খবর এনডিটিভি’র
 
বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, বিকেল ৪টার দিকে বিজাপুরের আওয়াপল্লি থানা এলাকায় হামলার ঘটনা ঘটে। সেখানকার মুরদানদা ক্যাম্প থেকে ১৬৮ ব্যাটালিয়নের সৈন্যরা বেরিয়ে অভিযানে যাচ্ছিলেন। তখনই তাদের বহরকে টার্গেট করে মাওবাদীরা। বহর লক্ষ্য করে ল্যান্ডমাইনের বিস্ফোরণ ঘটায় তারা। ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে আইইডি বিস্ফোরণটি হয়। চার সিআরপিএফ সৈন্য ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
পুলিশের ডিআইজি (অ্যান্টি নকশাল অপারেশন) পি সুন্দর রাজ বলেছেন, ৪ জনের মধ্যে একজন এএসআই, একজন হেড কনস্টেবল ও দু’জন কনস্টেবল ছিলেন। আহত দুই সৈন্যের চিকিত্সা চলছে। ছত্তিশগড়ের সৈন্যদের উপর হামলা সেদিনই হল যেদিন মুখ্যমন্ত্রী রমন সিং নির্বাচনের প্রথম পর্বের নির্বাচনী প্রচারণা শুরু করলেন। ১২ নভেম্বর হবে নির্বাচন। প্রথম ধাপে নকশাল অধ্যুষিত এলাকাগুলোতেই নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে রয়েছে বস্তার, সুকমা, বিজাপুর, দান্তে ওয়াড়া, কোন্ডাগাঁও, কাঁকের ও রাজনন্দগাঁও।
 
ইত্তেফাক/আরকেজি