ভূঞাপুরে সরকারি হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:০৭
অযত্ন আর অবহেলায় দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে রয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রোগীরা পরিবহন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 
 
জানা গেছে, রোগীদের পরিবহন সেবা দেয়ার লক্ষে সরকারিভাবে একটি অ্যাম্বুলেন্স দেয়া হলেও সেটি ২০০৯ সালে অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে ২০১০ সালে পুনরায় আরো একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ হয় সরকারি এই হাসপাতালটিতে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে সংস্কারের অভাবে ৮ বছর না পেরোতেই অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায়। উপজেলার দুই লক্ষাধিক মানুষ ছাড়াও ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে উপজেলার পার্শ্ববর্তী ঘাটাইল, কালিহাতী ও গোপালপুর উপজেলার কিছু অংশের লোকজন আসে চিকিত্সাসেবা নিতে এই ভূঞাপুর হাসপাতালে। মুমূর্ষ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সরকারিভাবে বরাদ্দ থাকলেও তা দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে পড়ে থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
দুর্ঘটনা কবলিত, জরুরী সিজারের ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য রোগী নিতে হয় সিএনজি, অটোবাইক অথবা ব্যক্তিগত ভাড়া করা গাড়ির মাধ্যমে। এতে করে অনেক মুমূর্ষ রোগী অক্সিজেনের অভাবে রাস্তাতেই মৃত্যুবরণ করার ঘটনা ঘটছে। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সামা জানান, অ্যাম্বুলেন্স বিকল হওয়ার পর থেকেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ না দিলে আমাদের কিছু করার নাই।
 
ইত্তেফাক/এএম