পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও চলছে পরিবহন ধর্মঘট। রবিবার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি এবং প্রবেশও করেনি। ফলে চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের। এছাড়া অনেক যাত্রীকে রবিবার সকাল থেকে টার্মিনালের সামনে বসে থাকতে দেখা গেছে।
জানা গেছে, রবিবার সকাল থেকেই রাজশাহীর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি ও শহরে প্রবেশ করেনি। বাস চলাচল না করায় নগরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তবে ধর্মঘটের খবর না জানার কারণে অনেক যাত্রীকে বাস টার্মিনালের সামনে বসে থাকতে দেখা যায়।
ফাহিম নামের এক যাত্রী বলেন, আমার ঢাকা যাওয়া খুব জরুরি। কিন্ত ধর্মঘটের কারণে কোন গাড়ি পাচ্ছিনা। যেতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। পরিবহন শ্রমিকরা কথায় কথায় ধর্মঘট ডাকে। আইনি বিষয় আইনের মাধ্যমেই মোকাবিলা করা উচিত। মানুষকে জিম্মি করা ঠিক নয়।
পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডেকে অন্যায় করেছে। তাদের কোন দাবি থাকলে তা আইনিভাবে মোকাবিলা করার আহ্বান জানান যাত্রীরা।
ইত্তেফাক/বিএএফ
