ঠাকুরগাঁওয়ে ধর্মঘটের নামে চলছে মবিলের হোলি খেলা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২১:৫৮
সড়ক পরিবহন আইন-২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে রাজধানীসহ সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
 
এরই লক্ষ্যে রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে প্রথম দিনের মতো ধর্মঘটে নেমেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে শহরে ভালো পরিবেশ দেখা গেলেও দুপুর ১২টার মধ্যে পাল্টে যায় শহরের চিত্র। দেখে যেন মনে হয় শহরের চলছে পোড়া মবিলের হোলি খেলা।
 
এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চিন্তিত অবস্থায় সকলেই। সড়কে চলতে দিচ্ছে না যাত্রীদের বিকল্প যানবাহন অটোরিকশা, রিকশা ও সিএনজি। যানবাহনগুলো আটকিয়ে চালকদের মুখে মাখিয়ে দেওয়া হচ্ছে পোড়া মবিল। বিপাকে পড়েছে জনগণ। সেই সঙ্গে স্কুল-কলেজে পড়া ছাত্র-ছাত্রীরাও।
 
কলেজে থেকে পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা তো জানতাম না আজ ধর্মঘট। এই ধর্মঘটের ফলে আজ আমাদের হেটে যেতে হচ্ছে। গাড়ি বন্ধ থাকবে এটা ঠিক আছে, কিন্তু রিকশা, অটোরিকশা আটকিয়ে মুখে মবিল মাখিয়ে দিচ্ছে এটা কেমন কথা। এটার জন্য কেউ যাত্রী নিতে চাচ্ছে না। এটা কেমন হলো। আমরা কেউ কেউ এসেছি দূর থেকে আমরা কিভাবে যাবো এখন।
IMG0
রিকশা চালকের মুখে মবিল মাখিয়ে দেওয়া হয়। ছবি: ইত্তেফাক
 
শহরের সত্যপীর ব্রিজ এলাকার মোড়ে আমেনা নামের এক যাত্রী বলেন, আজ আমার রংপুরে যাওয়া খুব জরুরী ছিলো। কারণ আমার মেয়ে সেখানে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু যাবার কোন ব্যবস্থা নেই। সব গাড়ি বন্ধ। বিপদের মুখে পড়ে গেলাম।
 
জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিন বলেন, কোনো ড্রাইভার তো আর নিজের ইচ্ছায় অ্যাকসিডেন্ট করে না। কিন্তু যে আইনটি পাস হয়েছে সেটি ঠিক হয়নি? ওই আইনে বলা হয়েছে ড্রাইভারদের ফাঁসি দেওয়া হবে। ৫ লাখ টাকা জরিমানা হবে। একজন ড্রাইভারের যদি এতোই টাকা থাকত তাহলে সে আর গাড়ি চালাত না। আমরা চাই এই আইন যেন পরিবর্তন করা হয়।
 
ইত্তেফাক/জেডএইচ