গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুজ্জামান (১৭) নামে এক লেদ মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত রাশেদুজ্জামান গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকার সাহাবুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আনিছুর রহমানের ছেলে ইমন (১৬) ও সাইদুল ইসলামের ছেলে জুবায়েদ হোসেন (১৭)।
আহতদের দুজনকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জুবায়েদ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
আজ রবিবার বিকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লেদ মিস্ত্রি রাশেদুজ্জামান বামন্দী বাজার থেকে মোটরসাইকেলযোগে ছাতিয়ানের দিকে আসছিলেন। এ সময় অপর একটি মোটরসাইকেল ছাতিয়ান থেকে বামন্দীর দিকে যাচ্ছিল। হাওড়াপাড়া মোড় এলাকায় পৌঁছানো মাত্রই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাশেদুজ্জামান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ইত্তেফাক/নূহু
