গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৬:২৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেছেন।
 
অপহৃত স্কুলছাত্রীর বাড়ি কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামে। সে সাতাশিয়া শরিফুল-মরিয়ম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
 
ওই ছাত্রীর বাবা জানান, ‘গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মেয়ে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল ছুটির পর সে বাড়িতে ফিরে আসেনি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো খবর না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।’
 
ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘পাশের বাড়ির বরুণ বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস (২০) আমার মেয়েকে প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি গোপালের বাবা-মাকে একাধিকবার জানিয়েও কোন কাজ হয়নি। উল্টো গোপাল আমাদের বাড়ির পাশে তার বন্ধুদের নিয়ে এসে আড্ডা দেয় এবং মেয়েকে অপহরণের হুমকি দিয়ে আসছিলো। শনিবার সকালে আমার মেয়ে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথে গোপাল তাকে অপহরণ করে নিয়ে যায়।’
 
ইউপি সদস্য আশীষ কুমার মিস্ত্রী বলেন, ‘ঘটনার দিন বিকালে ওই মেয়ের বাবা আমার কাছে এসেছিলেন। আমি তার আত্মীয়-স্বজন বাড়িতে খোঁজখবর নিতে বলি। এক পর্যায়ে ছেলের বাবা বরুণ বিশ্বাস বিষয়টি আমার কাছে স্বীকার করে। পরে মেয়েটিকে উদ্ধার করে তার অভিভাবকদের কাছে বুঝে দিতে বলেছি। কিন্তু তিন দিন অতিবাহিত হলেও তিনি তা দিতে ব্যর্থ হয়েছেন।’
 
এ ব্যাপারে অভিযুক্ত গোপালের বাবা বরুণ বিশ্বাস বলেন, ‘তার ছেলে ওই ছাত্রীকে নিয়ে চলে গেছে। আজ সোমবার সন্ধ্যার মধ্যে তাদের আমি যেভাবে হাজির করার আশ্বাস দেন।’
 
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার এএসআই এম. এ খায়ের বলেন, ‘বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে বলে স্থানীয়রা জানিয়েছে। না হলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ