কামরাঙ্গীরচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিকাশাচালকের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৭:২২
রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আলামিন (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
আলামিনের ছেলে মো. মনিরুল ইসলাম জানান, তার বাবা কামরাঙ্গীরচরে নার্সারি গলির সুলতান মহাজনের রিকশার গ্যারেজে থাকতেন। গ্যারেজেই তিনি ঘুমাতেন। রবিবার আলামিন রিকশা নিয়ে বের হন। রাত ১২টার দিকে খবর পান যে কসাইগলি চিনি বাড়ির মোড়ে অচেতন অবস্থায় তার বাবা পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে গ্যারেজে আনা হয়। সুস্থ করার জন্য তাকে তেঁতুলপানি খাওয়ানো হয়। এর আগেও তার বাবা একবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। ওই সময় তেঁতুলপানি খাইয়ে তার বাবাকে সুস্থ করা হয়েছিল। কিন্তু সোমবার সকালে তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে