পরিবহন ধর্মঘটের কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও রফতানি ও পণ্য লোড কার্যক্রমে স্থবিরতা, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের ফলে লোকাল ও দূর পাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরে আমদানি চললেও মালামাল লোড করছেন না শ্রমিকরা। ফলে ভারত ও ভুটান থেকে পণ্যবাহী ট্রাক আসলেও বাংলাদেশ থেকে যাচ্ছে না।
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সফর উদ্দিন বলেন, ‘ভারত ও ভুটান থেকে যে সকল পণ্যবাহী ট্রাক আসছে সেগুলো আমাদের শ্রমিকরা আনলোড বা পণ্য খালাস করছেন। বাংলাদেশি কোনো ট্রাকে পণ্য লোড আনলোড করছেন না।’
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন,‘পরিবহন ধর্মঘটের কারণে বুড়িমারী স্থলবন্দরে কিছুটা প্রভাব পড়েছে। তবে, আমদানিসহ অন্যান্য কার্যক্রম চলছে।’
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, ‘ধর্মঘটে যান চলাচল না করায় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে যাত্রী চলাচল অনেক কম। অনেক যাত্রী ইমিগ্রেশন কাউন্টারে আছে। গাড়ি চলাচল শুরু হলে তারা গন্তব্যে যাবেন।’
কাস্টমস সহকারী কমিশনার (এসি) একেএম খায়রুল বাশার জানান, ‘আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দূর পাল্লার পরিবহন না আসায় রফতানি কার্যক্রম কিছুটা বিঘ্ন ঘটছে। বন্দরের অন্যান্য কর্মকাণ্ড সচল রয়েছে।’
ইত্তেফাক/আরকেজি
