মুকসুদপুরে দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ নিহত দুই

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২০:০৬
মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। তারা হলেন- উপজেলার কানুড়িয়া গ্রামের হান্নান শেখের ছেলে ও জেএসসি পরীক্ষার্থী মাহাফুজ (১৪) ও জোয়ারিয়া গ্রামের আনোয়ারের ছেলে আল-আমিন (১৫)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে দিগনগর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী তিন আরোহীসহ একটি মোটরসাইকেল মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খুঁটির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
 
এসময় তিন আরোহী গুরুতর আহত হন । মুমূর্ষু অবস্থায় মাহাফুজ (১৪), আল-আমিন (১৫) ও নাইমকে (১৪) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহাফুজ এবং আল-আমিন বিকালে মারা যান। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি