নেত্রকোনার পূর্বধলায় সোমবার বিকেলে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইজাজুল ইসলাম (২৪)।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নমিতা দের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ইজাজুল ইসলাম উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, ইজাজুল বেশ কিছুদিন যাবৎ উপজেলা সদরের পূর্বধলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করে আসছিল। সোমবার বিকেলে ওই ছাত্রীটি কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথে উপজেলা সদরের কলেজ রোডে ইজাজুল ছাত্রীটিকে উত্যক্ত করলে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।
ইত্তেফাক/নূহু
