মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকা থেকে ডিবি পুলিশ বিস্ফোরক দ্রব্যসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর ৬ সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মেহেরপুরের গাড়াডোবা এলাকার সমশের আলীর ছেলে সেলিম রেজা (২৯), নারায়ণগঞ্জের তামাক পট্টি এলাকার ওমর আলী ছেলে আলম রানা (৩৪), বগুড়ার শেরপুরের সবুর আলীর ছেলে রাসেল মাহমুদ (২১), মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার রশিদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৩৪), হাউসদি এলাকার আবু বরক সিদ্দিক খানের ছেলে সাকিল খান (২৫) এবং হাজির হাওলা এলাকার ফারুক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৮)।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ফায়েকুজ্জামান।
মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর কয়েক সদস্য একত্র হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার থানতলীতে রবিবার রাতে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের একটি দল।
এরপর সেখান থেকে বিস্ফোরক, একাধিক মোবাইল ফোন, লিফলেট, নগদ সাড়ে ১২ হাজার টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে। এ ঘটনায় সোমবার রাতে গোয়েন্দা পুুলিশের এএসআই আল-আমিন খন্দকার বাদী হয়ে সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
