সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার সহকারী কমিশনার গোলাম কাওসার দস্তগীর জানান, আগের নাশকতার মামলায় আলী আহমদসহ বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টের আপিলে সাজা বৃদ্ধি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে সিলেট শহীদ মিনারের সামনে জড় বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আগেই সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার কাওসার দস্তগিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঙ্গে আটক হওয়া অন্যদের মধ্যে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমসহ ৮ জন।
ইত্তেফাক/আরকেজি
