ফুলবাড়ীয়ায় বিএনপির ৫৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ০৯:১৩
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহজাহান মণ্ডল, চান মিয়া, আবুল হোসেন ও আলম মৌলভী নামের বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
 
পৌর সদরের ভালুকজান মাছের আড়ৎ সংলগ্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই কবীর হোসেন বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর আবুল ফজল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুজ্জামান তানভীর সরকারসহ ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 
ইত্তেফাক/নূহু