চট্টগ্রামে দিনাজপুরের বাসচালক জালাল হোসেনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। একইসঙ্গে জেলার সবকটি রুটে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে এই ধর্মঘট চলছে। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, চট্টগ্রামের পটিয়া এলাকায় দিনাজপুরের বাসচালক জালাল হোসেনকে হত্যার প্রতিবাদে দিনাজপুরে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সকাল থেকে বিভিন্ন মোড়ে অংশ নিয়ে শ্রমিকরা দিনাজপুরের সকল বাস-ট্রাক ও অন্য যানবাহন চলাচল করতে বাধা প্রদান করছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুনঃ রাজশাহীর উন্নয়নে আলাদা দৃষ্টি দিচ্ছি: প্রধানমন্ত্রী
জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলি থানার শিকলবাহা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মারধর করায় জালাল হোসেন (৪৫) নামে এক বাস চালকের মৃত্যু হয়। এ ব্যাপারে কর্ণফুলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের ৮৭ রুটে এবং রংপুর বিভাগের ৪ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলো।
ইত্তেফাক/নূহু
