নারায়ণগঞ্জে ভুয়া পুলিশ আটক

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:৪০
শহরের ২নং রেলগেট এলাকা থেকে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে ডিবির সদস্যরা।
 
আটককৃত ভুয়া পুলিশ সদস্য সাইদুর রহমান ওরফে রফিকুল ইসলাম (৩৫) ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
 
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ২নং রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওমর শরীফ, পরিদর্শক হুমায়ূন কবির, উপ পরিদর্শক মনিরুজ্জামান ও এসআই মজিবর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওমর শরীফ জানান, নিজেকে পুলিশ ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত সাইদুর রহমান ওরফে রফিকুল ইসলাম। শুধু তাই নয় তার বিরুদ্ধে নারীদের সাথে অবৈধ সম্পর্ক ও প্রতারণা করে টাকা আদায় করারও অভিযোগ রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি