আশুগঞ্জে ৪২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি কম্বাইন্ড সাইকেল ইউনিট হচ্ছে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:৫৩
বর্তমান সরকারের বিদ্যুৎ উৎপাদনের মহা পরিকল্পনার অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে ৪২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (পূর্ব) নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
 
এই ইউনিটটি উৎপাদনে আসলে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উৎপাদন ২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। বর্তমানে দেশের বৃহৎ এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সচল ৮টি ইউনিটে ১৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
 
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, দেশের বৃহৎ এই বিদ্যুৎ উৎপাদন  কেন্দ্রে আশুগঞ্জ ৪২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (পূর্ব) নির্মাণ প্রকল্পটি ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন লাভ করার পর দরপত্র আহ্বান করা হয়।
 
চলতি বছরের ২০ মার্চ সর্বনিম্ন দরদাতা হিসাবে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল কর্পোরেশন ফর অভারসিস ইকোনোমিক্স কো-অপারেশন কনস্ট্রাকশনের সাথে ১৪৭৩ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটির ইপিসি চুক্তি স্বাক্ষরিত হয়।
 
এই বিদ্যুৎ কেন্দ্রের পুরাতন ইউনিট জিটি-১/জিটি-২ ও এসটি ইউনিটটি অপসারণ করে উল্লেখিত স্থানে নির্মাণাধীন প্রকল্পটি গত ১৬ জুলাই থেকে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছেন।
 
এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংক, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন গ্যাস ভিত্তিক এই বিদ্যুৎ ইউনিটটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে মোট ১৮০০ কোটি টাকা।
 
এই বিদ্যুৎ কেন্দ্রেটির ভিত্তিপ্রস্তর উপলক্ষে বুধবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ সাজ্জাদুর রহমান।
 
এসময় কোম্পানীর নির্বাহী পরিচালক প্রকৌশলী একেএম ইয়াকুব, প্রকল্প পরিচালক ক্ষিতিস চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর উপলক্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বিভিন্নস্থানে ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা করা হয়েছে।
 
প্রকল্প পরিচালক ক্ষিতিস চন্দ্র বিশ্বাস জানান, ৪২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের (পূর্ব) নির্মাণ কাজ শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন মাসে কাজ শেষ করে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। যার জ্বালানি দক্ষতা ৫৮.৭৬%। চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজ করলেও এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে টারবাইন ও বয়লারসহ গুরত্বপূর্ণ যন্ত্রাংশ জার্মানের সিমেন্স কোম্পানির ব্যবহার করা হবে।
 
এব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ সাজ্জাদুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
 
ইত্তেফাক/আরকেজি