পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৩৭
শ্যালকের জন্য বিয়ের পাত্রী দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামে এক ভগ্নিপতির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে নেত্রকোণার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে তিনি নিহত হন। এ সময় মারাত্মক আহত হন নিহত সুমনের শ্যালক গোলাপ মিয়া (২২) ও বিয়ের ঘটক হোসেন মিয়া (৬০)।
 
নিহত সুমন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম (গচিহাটা) গ্রামের মৃত সাহেদ মিয়ার ছেলে।
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মুজিবুর রহমানের ছেলে গোলাপ, তার ভগ্নিপতি সুমন ও বিয়ের ঘটক স্থানীয় আঠারবাড়ি উত্তর বনগাঁও গ্রামের বাসিন্দা হোসেন মিয়া একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামে যান। । পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়ায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক সুমনসহ তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রজত কান্তি সরকার সুমনকে মৃত ঘোষণা করেন।
 
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ