আতাহার খান
বিশ্বাস করুন, সামান্য একটু ভালো থাকবার জন্য
কত কিছুই না উজাড় করেছি,
পদ্মার উন্মুক্ত পাড়ে দাঁড়িয়ে বাতাস মেখে
মুছেছি ক্লান্তির ঘাম,
গভীর জলের স্রোতে ধুয়ে বিদায় করেছি ক্রোধ আর
প্রখর রোদের তাপে পুড়িয়েছি লোভ—
তারপর শান্তি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শুরু
উত্কণ্ঠামুক্ত জীবনের দিকে পথ হাঁটা!
থেকেছি সর্বদা সত্—কাউকে ঠকাবো
সেই চিন্তা স্বপ্নেও দেয়নি স্থান,
শান্তি ও মঙ্গল কামনায় কত জায়গায় করেছি ভ্রমণ,
কিন্তু খুব কষ্ট পাই নিজ চোখে
যখন দেখতে হয় শান্তি আলোচনা শেষে
আড়ালে লুকায় মানবাধিকার,
সামাজিক রীতি ভেঙে ব্যক্তিস্বার্থ
হয়ে ওঠে প্রতিপক্ষ দমনের নির্ভুল অস্ত্রের উপাদান—
তখন নিজেকে আর স্থির রাখতে পারি না!
নেই কোনো নিয়মমাফিক সহিষ্ণুতা—
নেই স্বস্তি, শুধু বৃষ্টির ফোঁটায়
ভর দিয়ে নেমে আসা অস্থিরতা
নিবিড় সম্পর্ক ভেঙে আতঙ্ক ছড়ায় চারদিক
আর ডেকে আনে মধ্যরাতে ভয়াবহ রক্তপাত—
সত্যি করে বলি, এই সব দেখে
শান্তিকামী মানুষেরা
অহিংসার বাণী ভুলে গিয়ে জাদুঘরে ঝিমুচ্ছে এখন!
