পাকিস্তানের এক আইনজীবী বলেছেন, ইসলামী চরমপন্থিরা তার প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি ব্লাসফেমি আইনে (ধর্ম অবমাননা) ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খ্রিষ্টান নারী আসিয়া বিবির পক্ষে আইনি লড়াই চালিয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেছেন। সাইফ-উল-মুলুক নামের ওই আইনজীবী বলেন, তাকে প্রাণনাশের হুমকি সত্ত্বেও আসিয়ার পক্ষে লড়াই চালিয়ে তার কোন আফসোস নেই। তিনি ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়েই যাবেন।
মুলুকের সর্বশেষ এই বিজয়ের মাধ্যমে আসিয়া বিবিকে ব্লাসফেমির অভিযোগ থেকে খারিজ করা হয়। বুধবার সুপ্রিম কোর্ট এ রায় দেয়। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই আইনজীবী বলেন, ‘এই রায়ে গরিব, সংখ্যালঘু ও সমাজের নিম্নশ্রেণীর মানুষও যে এ দেশে ন্যায় বিচার পেতে পারেন, তা প্রমাণিত হল। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত।’
তবে এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই দেশব্যাপী উগ্রপন্থীরা ব্যাপক বিক্ষোভ করে। চরমপন্থিরা উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এই রায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানায়। তারা সুপ্রিম কোর্ট বিচারপতিদের হত্যার আহ্বান জানায়।
মুসলিম প্রধান দেশ পাকিস্তানে ব্লাসফেমি একটি মারাত্মক অভিযোগ। দেশটিতে ইসলাম ও নবী মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটুক্তিকারী জনতার রোষানলে পড়ে যায়। সাইফ বলেন, তিনি তার জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।-এএফপি।
ইত্তেফাক/মোস্তাফিজ
