সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১২:০২
সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে।
 
স্থানীয়রা জানান, শহীদুল গাজী সকালে নিজ বাড়ি শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গী থেকে বেরিয়ে মাহেন্দ্রযোগে কালিগঞ্জের নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এসময় ড্রাইভারের বাম পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি