আরিফ মঈনুদ্দীন
একদিন পৃথিবীর কিনার ঘেঁষে বেজে চলেছিল প্রত্যন্ত বিলাপ
কান্না ছাড়া—আহাজারি ছাড়া তাদের আর করার কিছুই ছিল না
‘জোর যার মুল্লুক তার’—এই পেশীশক্তির পদতলে
ভূলুণ্ঠিত হচ্ছিল মানবতা
সততার সংজ্ঞা চলে গিয়েছিল অজানা নির্বাসনে
শক্তিহীন অসহায় মজলুম জনতার আষ্টেপৃষ্ঠে শুধুই চাবুকের কষাঘাত
বিকৃত ভোগ বিলাস আর আদিম উল্লাসে মাতোয়ারা শাসককুল
নিজেরাই শুধু মত্ত ছিল ভোগে
শরণের প্রত্যাশী অসহায় মানুষেরা
উদ্ধারের কোনো পথ পাচ্ছিল না
অবশেষে ঘোর অমরাত্রির সমাপ্তিতে
প্রত্যুষের সূর্যের মতো আকাশ থেকে
এ মাটির পৃথিবীতে নেমে এল আলো
এমন এক আলো—যার শানানো পবিত্র দাপটে
পৃথিবীময় বেজে উঠলো জেহাদের বাঁশি
একে একে পরাজিত পর্যুদস্ত হতে হতে
জালিমরা সব পতিত হলো নিজেদের বানানো পরিখায়
বিজয়ী আলোর উত্সবে মাথায় মুকুটপরা নূর
জনপদ আলোকিত হলো
সে আলোয় আরো আলোকিত হলো বাকি মানুষের অন্তপুর।
