কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই আবু কাউছারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম।
আটককৃতরা হলেন- কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই আবু কাউছার (৫০), নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামাল উদ্দিন সরকার(৪০), ধামঘর ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম(৫২) ও সহ-সভাপতি কবির হোসেন (৩৯)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলা ধামঘর ইউনিয়নের মুগসাইর শফিকুল ইসলামের বাড়িতে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শওকত ওসমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক বলেন, কোন ঘটনা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করছে পুলিশ। আটককৃতদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হক মোমেনের জানাজা শেষে আবু কাউছার তার উপজেলা সদরের নিজ বাড়িতে ফিরলে সেখান থেকে আটক করে কিন্তু পুলিশ বলছে নাশকতার গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। সম্প্রতি ওই এলাকায় কোন মিটিং-মিছিলের কোন ঘটনা ঘটেনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, বুধবার পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনসহ মোট ৪১ জনের বিরুদ্ধে একটি হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
