৩ ভুয়া শিক্ষকের কারাদণ্ড, কেন্দ্র সচিবকে জরিমানা

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২১:২৮
জামালপুরের বকশীগঞ্জে জেএসসির একটি পরীক্ষা কেন্দ্র থেকে তিন ভুয়া শিক্ষককেেএক মাসের কারাদণ্ড ও কেন্দ্র সচিবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এ দণ্ড দেন। 
 
জানা গেছে, বৃহস্পতিবার জেএসসির বাংলা পরীক্ষা চলাকালীন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের হাসিনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য টাংগারীপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মাহবুবুর রহমান, পলাশতলা গ্রামের আবুল কাশেম খন্দকারের ছেলে আলমগীর হোসেন, কলকিহারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হিটলার মিয়ার নাম পাঠায়। কেন্দ্র সচিব ওই ৩ ভুয়া শিক্ষকে হাসিনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে পর্যবেক্ষকের দায়িত্ব দেন। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম তাদের আটক করেন। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায়  তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১০ ধারা মোতাবেক মাহবুবুর রহমান, আলমগীর হোসেন ও হিটলার মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
একই দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্র সচিব ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। অধ্যক্ষ রফিকুল ইসলাম ১ লাখ টাকা জরিমানা প্রদান করে মুক্তি পান। 
 
ইত্তেফাক/জেডএইচ