দিনাজপুরের ফুলবাড়িতে এক বিঘা জমির ৩৫০টি কলা গাছের চারা গত বুধবার দিবাগত রাতে কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মহদীপুর গ্রামের স্কুল শিক্ষক বাবুল চন্দ্র সরকারের জমিতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে ওই কলাবাগানে গিয়ে দেখা যায়, মহদীপুর গ্রামের মন্দির সংলগ্ন কলা বাগানের ৩৫০টি কলা গাছ কেটে জমিতে বিছিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা।
কলা গাছের মালিক স্কুল শিক্ষক বাবুল চন্দ্র সরকার বলেন, ‘বৃহস্পতিবার সকালে জমির কলা গাছগুলো পরিচর্যা করতে গিয়ে দুই মাস বয়সী কলা গাছগুলো কেটে ফেলার বিষয়টি দেখতে পাই। ধারণা করা হচ্ছে ওই জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আনন্দমোহন রায়ের ছেলে হরিশ চন্দ্র রায়সহ তার লোকজন শত্রুতা করে গত বুধবার গভীর রাতে গাছগুলো কেটে ফেলতে পারে।’
কলা গাছগুলো কেটে ফেলার কারণে তার প্রায় ৬লাখ টাকার আর্থিকভাবে ক্ষতি হয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তারিখে ওই ব্যক্তিরা একই জমির প্রায় ৩০০ কলা গাছ কেটে ফেলায় হরিশ চন্দ্র রায়সহ ৬জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। আসামিরা জামিন থাকার সুযোগে পুনরায় বাগানের গাছগুলো কেটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আদমদীঘি এলাকায় নকশা বহির্ভূত কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, ‘কলাগাছের চারাগুলো কেটে ফেলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু
