রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৩:১০
নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এ কথা জানিয়েছেন। গত মঙ্গলবার রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) তৃতীয় বৈঠকে সিদ্ধান্ত হয় যে, নভেম্বরের মাঝামাঝি যাচাইকৃত প্রথম ব্যাচের প্রত্যাবাসন শুরু হবে।
 
বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত নিয়ে ভারতের অভিমত জানতে চাওয়া হলে রবিশ কুমার বলেন, শরণার্থীদের এই ফেরত যাওয়াটা দ্রুত, নিরাপদ ও টেকসই হওয়া উচিত। ভারত আশা করে, রাখাইনে ফেরত যাওয়ার বিষয়ে রোহিঙ্গারা আস্থাবান হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে ভারত দুই দেশের সঙ্গেই কাজ করছে। বাংলাদেশে শরণার্থীদের মানবিক সাহায্য দিচ্ছে আবার মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখান থেকে তারা চলে আসতে বাধ্য হয়েছিল, সেখানে ফেরত যাওয়ার জন্য উপযুক্ত আর্থ-সামাজিক পরিবেশ সৃষ্টি হওয়া জরুরি বলে জানান তিনি।
 
ইত্তেফাক/আরকেজি