খাশোগি হত্যার নির্দেশ আসে সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে: তুরস্ক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১০:১৩
সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে এসেছে। সৌদি সরকারের ওপর প্রথমবারের মত সরাসরি এমন অভিযোগ আনলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। খবর সিএনএনের।
  
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে এসব কথা লিখেন এরদোয়ান। তিনি লিখেন,জামাল খাশোগি হত্যায় গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে হত্যাকারীরা আছে বলে আমরা নিশ্চিত। আমরা এও জানি যে তারা সৌদি সরকারের উচ্চ পর্যায়ের একটি নির্দেশ পালন করেছিল।
 
তিনি আরো লিখেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মাটিতে এই ধরণের অপরাধ করার যেন সাহস আর কেউ না পায়। কেউ এ ধরণের কাজ করলে তার পরিণতি হবে ভয়াবহ।  
 
তবে তুরস্কের প্রেসিডেন্টের বিশ্বাস খাশোগি হত্যাকাণ্ডে বাদশাহ সালমানের সম্পৃক্ততা নেই বলে ওয়াশিংটন পোস্টের কলামে লিখেন।
 
উল্লেখ্য, তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়,তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
 
সৌদি আরবের দাবি,এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
 
তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে,খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন।
 
ইত্তেফাক/এসআর