চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে ডালিম (২২) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার জোহরপুর টেক সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত ১৯/৪ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডালিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নাধীণ নিশি পাড়া গ্রামের মংলু মাঝির ছেলে।
এলকাবাসী ও পাকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, শনিবার গভীর রাতে পাকা ইউনিয়নের বেশ কয়েকজন রাখাল চোরাইপথে গরু আনতে গেলে ভারতের পাতলাটোলা ক্যাম্পের বিএসএফরা তাদের ধাওয়া করে। এ সময় সবাই পালিয়ে গেলে ডালিম বিএসএফের হাতে ধর পড়ে। পরে তারা রাইফেল দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে চলে যায়। ডালিমের সঙ্গীরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশের ৩কিলোমিটার অভ্যন্তরে নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রবিবার সকাল ৬ টার দিকে লাশ বাড়ি নিয়ে এসে গোপনে দাফন করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ঘটনাটি আমারা শুনেছি। খোঁজখবর নিচ্ছি। প্রকৃত সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/বিএএফ
